সিলেটথেকে মোহাম্মদ সাজু মিয়া,
আসন্ন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৬ ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ক্রমেই বাড়ছে। দীর্ঘদিন পর নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। এরই ধারাবাহিকতায় প্রার্থীদের পরিচিতি, মতবিনিময় ও কর্মপরিকল্পনা উপস্থাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে জমজমাট সভা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ বাজারের একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল জলিলের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ও ইমরান আহমদ।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক আনোয়ার শাহজাহান, সাংবাদিক আব্দুল আহাদ এবং সাংবাদিক মো. শহিদুর রহমান সুহেদ।
এ ছাড়া সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট কবির আহমদ বাবর, মহি উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী এবং প্রেসক্লাবের নতুন-পুরাতন সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা পর্যায়ক্রমে নিজেদের পরিচয় তুলে ধরেন। পাশাপাশি প্রেসক্লাবের উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের কল্যাণ এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন তারা।
মতবিনিময় পর্বে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও কল্যাণে কাজ করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৬-এ ১৭টি পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় ও নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরছেন। ফলে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে নির্বাচনকে ঘিরে আগ্রহ ও উৎসাহও বাড়ছে।
আগামী ৩ অক্টোবর ২০২৬ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় জমে উঠেছে।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত মর্যাদা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নির্বাচিত প্রতিনিধিরা গোলাপগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন