
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান আহমদ চৌধুরী
উদ্যোক্তারা নতুন নতুন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে মন্তব্য করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, ইতোমধ্যে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অনেক উদ্যোক্তা নতুন নতুন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলে সমাজের উন্নয়নে অবদান রাখছেন। উদ্যোক্তারা যাতে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনায় কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতনস্থ এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, বর্তমান সরকার উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা দিচ্ছে। বিএনপি সরকার চায়, দেশের যুবক ও তরুণরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাবেন। এতে তাঁরা নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের পরিচালক আমিনুর রহমান লিপন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মুহিউসসুন্নাহ চৌধুরী নার্গিস, ছালিক আহমদ চৌধুরী ও আশফাক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী এবং গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির প্রভাষক রেহান উদ্দিন রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মন্তব্য করুন